শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে প্রথমবারের মতো বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন দেশের বিভিন্ন রুটে এ সেবা চালু থাকবে। এ জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় দুর্গাপূজার সময় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ এই পরিবহনব্যবস্থা চালু করা হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২২টি বাস ডিপোতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য বাস রিজার্ভ করার সুযোগও রাখা হয়েছে।
বিশেষ বাসগুলো ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে চলাচল করবে।
এ ছাড়া জেলার অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আন্তজেলা পর্যায়েও বিশেষ বাসসেবা পাওয়া যাবে। যাত্রীদের চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বিআরটিসি।
রাজধানী ও আশপাশের যাত্রীদের সুবিধার্থে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় এবং মহাখালী বাস টার্মিনালে মোট ৬০টি বাস প্রস্তুত রাখা হবে।
বিশেষ বাস সার্ভিসের সময়সূচি, টিকিট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে বিআরটিসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।
যাত্রীরা ০২৪১০৫৩০৪২ নম্বরে টেলিফোন অথবা ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯ নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
মন্তব্যসমূহ