সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত ফ্লাইটসূচি জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি।
সোমবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকার কারণে ঢাকা থেকে রিয়াদগামী বিমানের ফ্লাইটগুলো সাময়িকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে। একই সঙ্গে যাত্রীদের জন্য নতুন যাত্রাসূচিও পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
এদিকে ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীদের ধৈর্য ধারণ এবং সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তবে স্থগিত ফ্লাইটগুলো কবে থেকে পুনরায় চালু হবে কিংবা নতুন যাত্রাসূচি কখন প্রকাশ করা হবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।
মন্তব্যসমূহ