বাংলাদেশের স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ অগ্রাধিকার ও নতুন সহযোগিতা কৌশল নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি কো-অপারেশন স্ট্র্যাটেজি (CCS) ২০২০–২০২৬ পর্যালোচনার পাশাপাশি ২০২৭–২০৩১ মেয়াদের নতুন সহযোগিতা কৌশল প্রণয়ন নিয়ে আলোচনা হয়।
দেশের স্বাস্থ্যখাতের বর্তমান চাহিদা ও ভবিষ্যৎ অগ্রাধিকারের সঙ্গে সরকারের পরিকল্পনার সমন্বয় রেখে নতুন সহযোগিতা কৌশল তৈরির ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার তুলে ধরেন। স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন তিনি।
স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন কার্যক্রমের বিষয়ও আলোচনায় তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সাক্ষাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের আন্তর্জাতিক পরামর্শক ড. ফ্রান্সিসকো কাটায়ামা ও প্রফেসর ড. আবুল কালাম এবং লিয়াজোঁ ও কো-অর্ডিনেশন কর্মকর্তা মো. মোহাসিন আজাদ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ