নওগাঁ সদর উপজেলার একটি চালকলে বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। আহত চার শ্রমিককে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও চালকলটিতে শ্রমিকরা ধান সিদ্ধ করার কাজ করছিলেন। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তেই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গেলে আতঙ্কিত শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন।
কিছু সময় পর ধোঁয়া কমলে শ্রমিকরা চাতালে ফিরে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সময় চাতালে কর্মরত ছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে আর কিছু দেখা যাচ্ছিল না। ধোঁয়া কমে গেলে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছে। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তার সঙ্গে কাজ করতে চাই।”
ঘটনার পর থেকে চালকলটির মালিক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ। তিনি বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আব্দুল খালেকের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই রেজাউল করিম।
মন্তব্যসমূহ