পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালে নোঙর করেছে চীনের পতাকাবাহী বিশেষায়িত জাহাজ ‘ফান ঝৌ-৬’। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বন্দর পরিচালন কার্যক্রমে ব্যবহারের জন্য কেনা পাঁচটি আধুনিক কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালের জেটিতে এসে পৌঁছায়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল, আধুনিক এবং সময়োপযোগী করতে এসব যন্ত্রপাতি আমদানি করা হয়েছে। চীন থেকে আনা এসব সরঞ্জামের মধ্যে রয়েছে—৮০ টন উত্তোলন ক্ষমতার দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন (QGC), ৪০ টন ক্ষমতার দুটি টায়ার মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন (RTG) এবং ৮০ হাজার টন ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চীনের পিংতান বন্দর থেকে পণ্য বোঝাই করে জাহাজটি পায়রার উদ্দেশ্যে রওনা হয়। এর আগেও ২০২৪ সালের মে ও নভেম্বর মাসে দুটি বড় মাদারভ্যাসেল পাথর নিয়ে সরাসরি এ টার্মিনালে ভিড়ে সফলভাবে পণ্য খালাস করেছিল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, এসব উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেন সংযোজনের ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, অপারেশনাল সক্ষমতা বহুগুণ বাড়বে এবং স্বল্পতম সময়ে সরাসরি কার্গো ও কন্টেইনার ওঠানামা নিশ্চিত করা যাবে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, রাবনাবাদ চ্যানেলের নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা রক্ষার পাশাপাশি পায়রাকে একটি পূর্ণাঙ্গ ডিজিটালাইজড ও স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার কাজ চলছে। আধুনিক এই বন্দর ব্যবহারের ফলে একদিকে ব্যবসায়ীদের জ্বালানি ও পরিবহন ব্যয় কমবে, অন্যদিকে কোনো ধরনের ট্রাফিক জট ছাড়াই দ্রুত পণ্য খালাসের সুবিধা মিলবে।
মন্তব্যসমূহ