ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, আইন অনুযায়ী নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড দেশে পরিচালনা করতে দেওয়া হবে না।
বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান জানান, আইন দ্বারা নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না।
শফিকুল ইসলাম বলেন, “যাদেরকে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।”
রাজধানীর বাসিন্দাসহ সাধারণ মানুষের নিরাপত্তাকে পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। ডিবিপ্রধান বলেন, “দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করেন, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেব।”
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযানও চলবে।
মন্তব্যসমূহ