সৌদি আরবে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুরায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ১৪ জন আরোহী ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় বা দুর্ঘটনার সময় তারা কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সৌদি সরকার।
রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এলাকা হিসেবে পরিচিত। সেখানে আরামকোর বিভিন্ন স্থাপনা রয়েছে।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি
মন্তব্যসমূহ