কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ১৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এসআরবি ও বিজিবি। এসব অভিযানে মোহাম্মদ ইদ্রিস, রিয়াজ ও আতাউর রহমান নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত থেকে সোমবার (৫ অক্টোবর) ভোর পর্যন্ত টেকনাফের দুটি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সোমবার বিকেলে এসআরবি ১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়।
ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর এস এম মারুফ জানান, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ৪ নম্বর স্লুইসগেটসংলগ্ন নাফ নদীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইদ্রিস নামে একজনকে আটক করেন এসআরবি ও বিজিবির সদস্যরা।
অন্য অভিযানে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালায় এসআরবি। সেখান থেকে ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রিয়াজ ও আতাউর রহমান নামে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এসআরবির তথ্য অনুযায়ী, গত এক মাসে ১২০টি অভিযানে প্রায় ১৪ লাখ পিস ইয়াবা, তিন কেজি ক্রিস্টাল আইস, ৩০ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল, তিনটি অস্ত্র ও ৩৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
একই সময়ে এসব অভিযানে ৪৬ জন অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ১৫৮ জন আসামিকে আটক করা হয়েছে।
মন্তব্যসমূহ