রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ক্যাম্পাসে সাংবাদিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মতপ্রকাশের পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) রাতে এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
এনসিপির বক্তব্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় চার সাংবাদিকসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন। দলটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, হামলার সময় দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে একটি পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন ও ঘটনাটির সংবাদ সংগ্রহ করতে সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয় বলে এনসিপি জানিয়েছে।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা সাংবাদিকদের চরম হুমকি দেন এবং তাদের ‘পুঁতে ফেলার’ মতো কথাও বলেন। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নেন বলে দাবি করেছে এনসিপি।
হামলার পর আহত সাংবাদিকদের প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনসিপির মিডিয়া সেল বলেছে, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও মতপ্রকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অস্ত্র নিয়ে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ব্যর্থতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায় এড়াতে পারে না বলে দলটি মন্তব্য করেছে।
দলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় আইনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এনসিপি একই সঙ্গে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত এবং সবার নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ছাত্র-জনতা ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
মন্তব্যসমূহ