দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে, যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, বরং দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান উপযোগী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার রাজধানীর তেজগাঁও কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতের মতো শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।
তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষতা নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। শুধু পরীক্ষায় পাস করানো নয়, শিক্ষার্থীরা বাস্তবে কতটা শিখছে এবং কর্মজীবনের জন্য কতটা প্রস্তুত হচ্ছে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। বর্তমান সরকার এই বাস্তবতা পরিবর্তনে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন বিষয়ে স্নাতক ডিগ্রি নিচ্ছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক কম। তাই সময়োপযোগী, ক্যারিয়ারভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ জরুরি।
তিনি বলেন, উন্নত রাষ্ট্র গঠনে শুধু শিক্ষিত মানুষ নয়, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক প্রয়োজন। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়া হবে।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ এবং কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান।
মন্তব্যসমূহ