ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলমহাল ব্যবস্থাপনায় ‘জাল যার জলা তার’ নীতিতে গুরুত্ব: ভূমিমন্ত্রী

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলমহাল ব্যবস্থাপনায় জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ ও দরিদ্র মানুষের জীবিকা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।সভায় ভূমিমন্ত্রী বলেন, সরকারি জলমহাল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পদ নয়, এটি জনগণের সম্পদ। তাই জলমহাল ব্যবস্থাপনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।[BANGVIEWS-POST:4033]তিনি বলেন, জলমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে মানবিক, ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বজায় রাখতে হবে।ভূমিমন্ত্রী আরও বলেন, সরকারের নীতিগত অবস্থান অনুযায়ী ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি।সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে জলমহালের ইজারা মূল্য বাস্তবসম্মত করতে হবে। স্থানীয় সংসদ সদস্যদের মতামত বিবেচনায় নিয়ে সরকারের সর্বোচ্চ রাজস্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।সভায় কিশোরগঞ্জ জেলার ১২টি জলমহালের মধ্যে ৯টি, খুলনা জেলার ১২টির মধ্যে ৬টি, হবিগঞ্জ জেলার ৩০টির মধ্যে ২০টি এবং সুনামগঞ্জ জেলার ৫৪টির মধ্যে ৪৩টি জলমহালের ইজারা প্রস্তাব অনুমোদন করা হয়েছে।[BANGVIEWS-POST:4031]এ ছাড়া পাবনা জেলার ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যেসব প্রস্তাবের বিষয়ে আরও যাচাই প্রয়োজন, সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে উপস্থাপন করা হবে। আর যেসব জলমহালের প্রস্তাবিত ইজারা মূল্য উপযুক্ত নয়, সেসব ক্ষেত্রে নতুন করে ইজারা বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

জলমহাল ব্যবস্থাপনায় ‘জাল যার জলা তার’ নীতিতে গুরুত্ব: ভূমিমন্ত্রী