এশিয়ান গেমসের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটের হারে সেই লক্ষ্য পূরণ হয়নি। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস হারের পেছনে মিডল ওভারের বোলিং, পর্যাপ্ত অনুশীলনের অভাব এবং উইকেট সম্পর্কে ধারণা না থাকাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালটি নেমে আসে ১৩ ওভারে। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য পাকিস্তান ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায়।
ম্যাচ শেষে বোলিং নিয়ে লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা মিডল ওভারে বোলিংটা যদি আরেকটু ভালো করতে পারতাম, যদি ওভার বাউন্ডারিগুলো কম খেতাম, তাহলে (জেতার) সুযোগ বেশি ছিল।’
এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে যাওয়ার পর থেকেই বৃষ্টির কারণে বাংলাদেশ দলের প্রস্তুতি ব্যাহত হয়। ঠিকমতো অনুশীলন করতে পারেনি দলটি। এমনকি বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচও পরিত্যক্ত হয়।
দীর্ঘ সময় ম্যাচ ও অনুশীলনের বাইরে থাকার পর সরাসরি গুরুত্বপূর্ণ ম্যাচে নামার প্রভাব পারফরম্যান্সে পড়েছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।
লিটন বলেন, ‘আপনি যদি দেখেন আমরা অনেক দিন ধরে রুমে বসে, সঙ্গে আমরা টস হেরে গেছি। আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। যদি ভালো খেলতে পারতাম ভালো হতো। কিন্তু এটা খুব সহজ নয় যে আপনি এত দিন বসে থাকবেন এবং গিয়ে খুব অসাধারণ ইনিংস খেলে ফেলবেন।’
ম্যাচের শুরুতে উইকেটের আচরণ সম্পর্কেও বাংলাদেশ দলের কোনো ধারণা ছিল না বলে জানান লিটন। বৃষ্টির কারণে মাঠে খেলা দেখা কিংবা উইকেটে অনুশীলনের সুযোগ না পাওয়ায় শুরুতে পরিস্থিতি বুঝতে সমস্যা হয়েছে তাদের।
লিটন বলেন, ‘আমাদের তো কোনো ধারণা ছিল না। কারণ, এখানে আমরা কয় দিন ধরে কোনো খেলা দেখিনি এবং উইকেটে অনুশীলন করার সুযোগও নেই। ধারণা ছাড়া আমরা ক্রিকেট খেলেছি প্রথম কয়েকটা ওভার। তারপর আস্তে আস্তে ব্যাটসম্যানরা ধারণা পেয়েছে।’
এশিয়ান গেমসে যাওয়ার আগে লিটন জানিয়েছিলেন, বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলা। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ।
মন্তব্যসমূহ