ঘটনা ২০০৫ সালের। একই সময়ে রিয়্যালিটি শোর মঞ্চ থেকে দর্শকদের নজরে এসেছিলেন সংগীতজগতের জনপ্রিয় দুই শিল্পী অভিজিৎ সাওয়ান্ত ও অরিজিৎ সিং। তবে ক্যারিয়ারের শুরু থেকেই দুজনের পথ ছিল সম্পূর্ণ আলাদা। একজন রিয়্যালিটি শো জিতে রাতারাতি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন, অন্যজনকে নিজের জায়গা তৈরি করতে অপেক্ষা করতে হয় আরও বেশ কয়েক বছর। পরবর্তী সময়ে সেই অরিজিৎ সিং-ই হয়ে ওঠেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক।
সম্প্রতি ক্যারিয়ারের শুরুর সময় এবং অরিজিৎ সিংয়ের সঙ্গে সেই সময়ের তুলনা নিয়ে কথা বলেছেন অভিজিৎ সাওয়ান্ত। তার ভাষ্য, ২০০৫ সালের পরের কয়েক বছর অরিজিতের তুলনায় তিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন। তবে পরবর্তী সময়ে দুজনের ক্যারিয়ার যে এতটা ভিন্ন পথে এগিয়ে যাবে, তা তখন হয়তো কেউই ভাবেননি।
এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, ২০০৫ সালের পর প্রায় এক দশক অরিজিৎ সাধারণ মানুষের চোখের আড়ালে থেকেই নিজের কাজ করে গেছেন। তবে সেই সময়টি অরিজিতের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করেন তিনি।
অভিজিৎ বলেন, ওই সময় অরিজিৎ বড় বড় সংগীত পরিচালকের সঙ্গে কাজ করতেন। তবে মূলত গায়ক হিসেবে নয়, প্রযোজক ও প্রোগ্রামার হিসেবে তিনি কাজ করছিলেন। অর্থাৎ, পরবর্তী সময়ে যে পরিচিতি তিনি গায়ক হিসেবে অর্জন করেন, তার অনেক আগেই সংগীতের নেপথ্যে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা তৈরি করছিলেন অরিজিৎ।
অভিজিতের ভাষ্য অনুযায়ী, অরিজিতের ক্যারিয়ার যেন একেবারে গোড়া থেকে শুরু হয়েছিল। সেই সময় তাকে খুব বেশি মানুষ চিনতেন না। অন্যদিকে অভিজিৎ তখন রিয়্যালিটি শোর সাফল্যের কারণে বিপুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন এবং দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
ক্যারিয়ারের শুরুতে জনপ্রিয়তার এই বড় পার্থক্যের কারণে দুজনের ওপর চাপও ছিল ভিন্ন ধরনের। অভিজিৎকে সামলাতে হচ্ছিল দর্শকদের প্রত্যাশা এবং জনপ্রিয়তার চাপ। অন্যদিকে অরিজিৎ ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন।
নিজেদের ক্যারিয়ারের শুরুর সময়ের এই তুলনা করতে গিয়ে অভিজিৎ সাওয়ান্ত আরও একটি বিষয় তুলে ধরেন। তার মতে, দর্শক অনেক সময় কোনো শিল্পীর দৃশ্যমান সাফল্যকেই তার যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচনা করেন। যে শিল্পী বেশি জনপ্রিয়তা পান, তাকে ঘিরে প্রশংসা তৈরি হয়। বিপরীতে, কোনো শিল্পী সম্পর্কে মানুষের জানাশোনা কম থাকলে তার কাজ বা ক্যারিয়ারে সহজেই খামতি খোঁজা হয়।
অভিজিতের মতে, প্রত্যেক শিল্পীর ক্যারিয়ারের পথ আলাদা। কেউ দ্রুত পরিচিতি ও সাফল্য পান, আবার কাউকে নিজের জায়গা তৈরি করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাই জনপ্রিয়তার দৃশ্যমান পার্থক্য দিয়ে একজন শিল্পীর সামগ্রিক যোগ্যতা বা সম্ভাবনা বিচার করা উচিত নয়। প্রত্যেক শিল্পী নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেই যাত্রার সময়ও সবার জন্য এক হয় না।
মন্তব্যসমূহ