মার্কিন মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (২৭ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।
প্রতিবেদনে বলা হয়, নাবাতিহ আল-ফাওকা এলাকার ‘ফারাহ অ্যামিউজমেন্ট পার্ক ইন্টারসেকশন’ লক্ষ্য করে একটি ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। হামলার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন।
তাৎক্ষণিকভাবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এর মাত্র একদিন আগে, শুক্রবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে সীমান্তে উত্তেজনা কমানো এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে একটি নিরাপত্তা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
গত কয়েক মাস ধরে লেবানন-ইসরাইল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মধ্যে প্রায় প্রতিদিনই রকেট, ড্রোন ও বিমান হামলার ঘটনা ঘটছিল। এতে সীমান্তজুড়ে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, চুক্তি স্বাক্ষরের পরদিনই এই ড্রোন হামলার ঘটনা দুই পক্ষের মধ্যে সদ্য শুরু হওয়া আস্থা তৈরির প্রচেষ্টাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। হামলাটি চুক্তি লঙ্ঘন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
সূত্র: আল-জাজিরা।
মন্তব্যসমূহ