মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের তীব্র উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাণিজ্যের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে নতুন করে আঘাত ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) নৌপথটিতে একটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাগরে পেতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমকালে একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন জরুরি বিপৎসংকেত (মে ডে) পাঠান। সেখানে উল্লেখ করা হয়, কাছে অবস্থানরত আরেকটি বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত কোনো বস্তুর সরাসরি আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই নৌপথটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে যে হরমুজ প্রণালির অনুমোদনহীন বা অননুমোদিত চ্যানেল দিয়ে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকার সাগরে পেতে রাখা নৌ-মাইনের (সি মাইন) সংস্পর্শে আসে। এর ফলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর জাতীয়তা কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে ইরান কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুটে একই দিনে একাধিক জাহাজে আঘাত ও বিস্ফোরণের এই ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামগ্রিক সমুদ্র নিরাপত্তায় নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে।
মন্তব্যসমূহ