গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে গণপরিবহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে জেলার ৫৫০টির বেশি গণপরিবহন বাস থেকে হাইড্রোলিক হর্ন সরিয়ে তুলনামূলক সহনীয় শব্দের মিউজিক হর্ন ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও চালকরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে পরিবহন মালিক ও গণপরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসক বলেন, গাজীপুরকে শান্ত ও শব্দদূষণমুক্ত করার লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ। মানুষের স্বস্তি নিশ্চিত করাই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে গাড়ির অপ্রয়োজনীয় হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করা গুরুত্বপূর্ণ।
তিনি জানান, পর্যায়ক্রমে মোটরসাইকেল, অটোরিকশা, গণপরিবহনসহ শব্দদূষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। এসব সভায় শব্দদূষণের ক্ষতিকর দিক এবং তা নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করা হচ্ছে।
নুরুল করিম ভূঁইয়া বলেন, গণপরিবহনের মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তারা আগামী ১৫ দিনের মধ্যে ৫৫০টির বেশি বাস থেকে হাইড্রোলিক হর্ন সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিবর্তে অপেক্ষাকৃত কম শব্দের ও সহনীয় মিউজিক হর্ন ব্যবহারের কথা জানিয়েছেন তারা। পাশাপাশি প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর বিষয়েও চালকরা সম্মত হয়েছেন।
জেলা প্রশাসক আরও জানান, গত দুই মাসে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত কার্যক্রমের সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রায় ৯০০টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। জেলা পুলিশও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তিনি বলেন, প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এর মূল লক্ষ্য মানুষের জন্য শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা।
মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ প্রশাসন, পুলিশ ও পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ