ঐতিহ্যগত সংবাদমাধ্যমের ধারাকে পেছনে ফেলে বর্তমান যুগ এখন অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার অধীন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে তথ্য আদান-প্রদান, খবর দেখা, জানা এবং সংযুক্ত থাকার মূল ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইন গণমাধ্যম। এই নতুন ধারার সাথে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত সফলভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।
শুক্রবার রাতে রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের অবকাশ হোটেলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আয়োজিত একটি ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতু মন্ত্রী আরও বলেন, মানুষ এখন অনলাইন সাংবাদিকতার মাধ্যমেই সব ধরনের তথ্য উপভোগ করছে এবং যুক্ত থাকছে। বর্তমান সময়টা সম্পূর্ণ আপনাদের। যুগের যে চাহিদা, তা আপনারা সফলভাবে ধারণ করতে পেরেছেন। এটি যেমন আপনাদের জন্য আনন্দের, তেমনই আপনাদের মেধারও এক বড় স্বীকৃতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র শেখ রবিউল আলম নিজের স্মৃতি চারণ করে বলেন, আমি প্রায়ই বলে থাকি যে আমি গণযোগাযোগের শিক্ষার্থী ছিলাম। তবে আমার দুর্ভাগ্য যে সাংবাদিকতা পেশায় যুক্ত হতে পারিনি, রাজনীতিতে চলে এসেছি। তা সত্ত্বেও সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতা, অনুসন্ধানী মানসিকতা এবং দূরদর্শিতা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, যিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থ্রিলিফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তাজুল ইসলাম রুমেল এবং টাইগার মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ইরফানসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ এবং পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সহ-সভাপতি ও নাগরিক প্রতিদিনের জয়েন্ট এডিটর লুৎফর রহমান হিমেল, সহ-সভাপতি ও জাগো নিউজ-এর এডিটর কে এম জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম (রুবেল), দৈনিক আগামীর সময়-এর অনলাইন এডিটর আনিসুর রহমান বুলবুল, অর্থ সম্পাদক ও স্টার নিউজের লিড ডিজিটাল আউটপুট মো. মঈন উদ্দিন বকুল, অফিস সম্পাদক ও দীপ্ত টিভির হেড অব অনলাইন মাউসদ বিন আবদুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য ও টাইমস টুডের অনলাইন ইনচার্জ মো. রওশন জামিল প্রধান এবং কার্যনির্বাহী সদস্য ও বার্তা ২৪-এর নিউজরুম কো-অর্ডিনেটর মানসুরা চামেলী।
এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর সিএনই মীর মাসরুর জামান, দৈনিক নয়া দিগন্তের হেড অব ডিজিটাল মো. মোস্তাফিজুর রহমান ও হেড অব অনলাইন একরামুল হক বিপ্লব, যুগান্তরের যুগ্ম বার্তা সম্পাদক ও অনলাইন ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান এবং মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন, আরটিভির অনলাইন ইনচার্জ আবু আজাদ, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, বৈশাখী টিভির হেড অব অনলাইন অ্যান্ড ডিজিটাল এইচ এম নাহিয়ান, এখন টিভির ওয়েব অ্যান্ড কনটেন্ট ইনচার্জ আনিসুর সুমন, বাংলা নিউজ ২৪-এর হেড অব মাল্টিমিডিয়া মৌসুমী সুলতানা, টাইমস টুডের এডিটর মাসুম খান ও হেড অব ডিজিটাল এ কে এম ইমরানুল হক, দৈনিক মানবকণ্ঠের হেড অব অনলাইন মো. ফরহাদ হোসেন, ইনকিলাবের নিউজ এডিটর (মাল্টিমিডিয়া) খোন্দকার তানভীর রহমান, আলোকিত বাংলাদেশের অনলাইন ইনচার্জ মো. হাসান আল বান্না, সমাচার প্রতিদিনের অনলাইন ও ডিজিটাল হেড যুবরাজ ফয়সাল, এনপিবি নিউজের হেড অব ডিজিটাল আকরাম হোসেন, অগ্রদূতের এক্সিকিউটিভ এডিটর হাসনাত কাদির ইসলাম, সময়ের আলোর সাঈদ রহমান এবং আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ মামুন সোহাগসহ আরও অনেকে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকদের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার করা এবং তাদের পরিবারকে এই আনন্দের অংশীদার করতেই এই মিলনমেলার আয়োজন। অনলাইন এডিটরস অ্যালায়েন্সের এই বর্ণাঢ্য উৎসবে সংগঠনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। অনুষ্ঠান শেষে সদস্যদের সন্তানদের বিশেষ উপহার এবং তাদের সহধর্মিণীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্যসমূহ