সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে।
রোববার সকালে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফেরেন মাহদী আমিন। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মিরপুরের রাড্ডা ক্লিনিক এবং গত রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাহদী আমিন বলেন, ‘সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন নিজস্ব গতিতে চলবে।’
তিনি বলেন, সরকারের পরিচয় বা নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্বের মঞ্চে তুলে ধরেছেন। তার এই সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে।
মাহদী আমিন বলেন, ঐতিহাসিক ভাষণে প্রধানমন্ত্রী কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা তুলে ধরেছেন। একই সঙ্গে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।
মন্তব্যসমূহ