জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, কেউ আইন লঙ্ঘন করলে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।গত দুই দিনে রাজধানীতে ক্লিনিক ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, তারা তখন যাত্রাপথে ছিলেন। তবে তিনি যতটুকু জানতে পেরেছেন, মিরপুর-১ এলাকার একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় খুব দ্রুত সময়ের মধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান খুবই স্পষ্ট। কেউ যদি সরকারের কোনো কর্তাব্যক্তির নাম কিংবা কোনো রাজনৈতিক দলের কারও নাম বা পরিচিতি ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলেও আইন নিজের গতিতে চলবে। তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।মাহদী আমিন বলেন, এ ক্ষেত্রে তারা অগ্রগতি দেখতে পাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আইন দ্রুত কার্যকর করার ক্ষেত্রে যেখানে যে পদক্ষেপ প্রয়োজন, তা নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, এর আগেও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় দ্রুত গ্রেপ্তার ও তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিশ্চিত করা হবে, যাতে আইনের শাসন ও অনুশাসন প্রাধান্য পায়।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা আইনের লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এ ধরনের কোনো দুষ্কৃতিকারী থাকলে তাদের কর্মকাণ্ড দমন করা হবে বলেও জানান তিনি।সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলা-ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলার মধ্যেই সরকারের পক্ষ থেকে এ অবস্থানের কথা জানালেন মাহদী আমিন।