গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় বিস্ফোরণের পর একটি ভবনধসে ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।
গ্রিক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন—দুই পুরুষ ও দুই নারী—যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তাদের সঙ্গে পাওয়া কাগজপত্র ও ব্যক্তিগত জিনিসপত্রের মাধ্যমে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
অন্য দুই নিহত ব্যক্তি ছিলেন এক বৃদ্ধ দম্পতি। তাদের মধ্যে একজন ব্রিটিশ পুরুষ এবং অন্যজন গ্রিক নারী। তারা বিস্ফোরণের পর ধসে পড়া ভবনটির দ্বিতীয় তলায় বসবাস করতেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পাশের একটি ভবনে থাকা দুই নারী আহত হয়েছেন।
শুক্রবার এথেন্সের জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় দুই তলা ভবনটি বিস্ফোরণের পর ধসে পড়ে। এথেন্সের মেয়র হারিস দুকাসের ধারণা, বড় ধরনের গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। বিস্ফোরণের ফলে আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তার জন্য সেগুলো খালি করে দেওয়া হয়।
মেয়র হারিস দুকাস বলেন, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে। পাশের দুটি ভবন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো ভেঙে ফেলতে হতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রায় এক বছর আগে তারা এলাকায় গ্যাস লিক ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
এ ছাড়া বিস্ফোরণস্থলের একটি বাড়ির বাসিন্দা কয়েক সপ্তাহ ধরে গ্যাসের গন্ধ পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন বলে দাবি করেছে স্থানীয় একটি নাগরিক সংগঠন। গ্রিক পুলিশও বাসিন্দাদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ঠিক কোন পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে এবং এর উৎস কোথায় ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মন্তব্যসমূহ