ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিহত দুজন হলেন—ইব্রাহিম ফাওজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন।
আনাদোলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৩৬ বছর বয়সি মোহাম্মদ কামেল সুলেইমান মোহসেন তার ভাই খলিলের কবর জিয়ারত করতে আল-সাওয়ারহা কবরস্থানে গিয়েছিলেন। সেখানেই ড্রোন হামলায় তিনি নিহত হন বলে স্থানীয় সূত্রের দাবি।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মোহাম্মদ কামেলের ভাই খলিলকে ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহ এলাকায় হত্যা করা হয়েছিল। ভাইয়ের কবর জিয়ারতে গিয়ে মোহাম্মদ কামেল নিহত হওয়ার দাবি করা হলেও হামলার পরিস্থিতি এবং নিহত অপর ব্যক্তিকে নিয়ে আনাদোলুর প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
তবে হামাসের দুই সদস্য নিহত হওয়ার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মন্তব্যসমূহ