ময়মনসিংহ নগরের গুলপুকুরপাড় এলাকায় একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় ৩৯ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে প্রাথমিক চিকিৎসা শেষে অধিকাংশই বাড়ি ফিরেছেন।মঙ্গলবার দুপুর পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।সোমবার সন্ধ্যায় গুলপুকুরপাড় এলাকার একটি ওয়ার্কশপে পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে। তীব্র গন্ধে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে অসুস্থ হয়ে পড়েন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক এসআই জবায়দুল হক বলেন, গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন।ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজ হয়। তবে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি।তিনি আরও জানান, লিকেজ হওয়া গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনার পর ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।