শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার কোনো ধরনের ছাড় দেবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও সরকার গুরুত্ব দিচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষার মান বাড়ানো জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার এবং বিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পাশাপাশি শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হাসনাত মাহমুদ তালহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতসহ সংশ্লিষ্টরা। এর আগে বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে সকালে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেন তথ্য প্রতিমন্ত্রী। সেখানে তিনি শিক্ষকদের সঙ্গে কলেজের শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে কলেজ প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।
এ সময় ইয়াসের খান চৌধুরী বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দিনের কর্মসূচির অংশ হিসেবে নান্দাইলের শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।