আবাসস্থল পরিবর্তনের কারণে এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার স্থানান্তরের কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠিতে মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, আগের নিয়মেই ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।
এর আগে আবাসস্থল পরিবর্তনের কারণে জমা হওয়া ভোটার স্থানান্তরের আবেদনগুলো ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন।
বর্তমান পরিস্থিতি ও নাগরিকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভোটার স্থানান্তরের নিয়মিত কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইসির চিঠিতে জানানো হয়েছে।