শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জনে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ পর্যায় থেকেই ভবিষ্যতে কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং কোন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সে বিষয়ে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন।
তরুণদের দক্ষ ও আত্মনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বাড়াতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বের কর্মসংস্থান ও প্রতিযোগিতামূলক পরিবেশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়। তথ্যপ্রযুক্তি, ভাষা ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনও জরুরি।
গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের পড়াশোনায় অংশগ্রহণ ও আগ্রহের প্রশংসা করে মন্ত্রী বলেন, শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামোর পাশাপাশি উপযুক্ত একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। দূরবর্তী এলাকার ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
কলেজে অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ের দ্রুত অনুমোদন পেতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার কথাও জানান আরিফুল হক চৌধুরী।
তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ বাড়াতে প্রয়োজন অনুযায়ী কলেজে আরও আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শেখার সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকতে হবে।
এ লক্ষ্যে গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
সিলেটের শিক্ষা ও কর্মক্ষেত্রের ঐতিহ্যের কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, অতীতে এ অঞ্চলের অনেক মানুষ সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করে নিয়মিত পড়াশোনার পাশাপাশি কর্মজীবনের উপযোগী দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।