মাত্র ১৭ বছর বয়সে সাঁতারে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জাপানের শিন ওহাশি। চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন এই তরুণ সাঁতারু।
টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওহাশি ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন। এর মাধ্যমে আগের বিশ্ব রেকর্ডটি ০.৬৫ সেকেন্ডের ব্যবধানে ভেঙে দেন তিনি।
২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে আগের বিশ্ব রেকর্ডটি ছিল চীনের কিন হাইইয়াংয়ের। ২০২৩ সালে ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন।
নতুন রেকর্ডের মধ্য দিয়ে পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে নতুন ইতিহাসও লিখেছেন ওহাশি। এই ইভেন্টে প্রথম সাঁতারু হিসেবে ২ মিনিট ৫ সেকেন্ডের কম সময়ে প্রতিযোগিতা শেষ করেছেন তিনি।
স্বর্ণপদক জয়ের পর ওহাশি জানান, বিশ্ব রেকর্ড গড়াই ছিল তার লক্ষ্য। সেই লক্ষ্য পূরণ করতে পেরে তিনি আনন্দিত। সাফল্যের জন্য পরিবার, সমর্থক এবং পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানান জাপানের এই তরুণ সাঁতারু।
ইভেন্টটিতে রুপা জিতেছেন কাজাখস্তানের দেনিস পেত্রাশভ। তিনি ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড বেশি সময় নেন। দক্ষিণ কোরিয়ার চো সঙ জে ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক অর্জন করেন।