এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। প্রাথমিক পর্বে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সব মিলিয়ে ২২তম অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছেন তিনি।
১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। ইমরানুর অংশ নেন পঞ্চম হিটে। সাত প্রতিযোগীর এই হিটে পাঁচ নম্বর লেন থেকে দৌড় শুরু করেন বাংলাদেশের এই স্প্রিন্টার। একই হিটে অংশ নেন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদ।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের প্রথম তিন অ্যাথলেট সরাসরি সেমিফাইনালে ওঠেন। ছয়টি হিট শেষে সরাসরি জায়গা না পাওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ছয় টাইমিংধারীও সেমিফাইনালের সুযোগ পান।
নিজের হিটে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন ইমরানুর। তৃতীয় হওয়া তাইপের অ্যাথলেট দৌড় শেষ করেন ১০.৩৮ সেকেন্ডে। ফলে সরাসরি শীর্ষ তিনে জায়গা করতে না পারলেও বাকি প্রতিযোগীদের টাইমিংয়ের হিসাবে সেমিফাইনালের টিকিট পান ইমরানুর।
বাংলাদেশের এই স্প্রিন্টারের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। চলতি মৌসুমে তার সেরা পারফরম্যান্স ১০.২৪ সেকেন্ড। প্রাথমিক পর্বে নিজের সেরা টাইমিংয়ের কাছাকাছি যেতে না পারলেও ১০.৪৯ সেকেন্ডে দৌড় শেষ করে সেরা ২৪ জনের মধ্যে ২২তম হয়েছেন তিনি।
এবার সেমিফাইনালে আরও ভালো টাইমিংয়ের লক্ষ্য নিয়ে ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব।