দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠান চারটির লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে ডিজিটাল ব্যাংক স্থাপনের আগ্রহ দেখিয়ে মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্য থেকে চারটি প্রস্তাব প্রাথমিক অনুমোদনের জন্য নির্বাচিত হয়েছে।
আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ারের এলওআই অনুমোদন করেছে।
এলওআই পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন পেল। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত শর্ত ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার পর তারা চূড়ান্ত লাইসেন্স পাওয়ার জন্য বিবেচিত হবে।