জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বেহেশতের টিকিট বিক্রেতারা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’ একই সঙ্গে বর্তমান সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ এবং জামায়াতকে ইঙ্গিত করে ‘রাজাকার’ শব্দ ব্যবহার করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি দাবি করেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ডিসেম্বরে তাদের নেত্রী দেশে ফেরার কথা বলা হচ্ছে, অন্যদিকে আরেকটি পক্ষ ডিসেম্বরে সরকারের পতনের কথা বলছে। এসব বক্তব্য সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নিজস্ব রাজনৈতিক মন্তব্য।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশকে জ্বালানি খাতে পরনির্ভরশীল রাখতে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খননে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি জানান, বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান ও কূপ খননের জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দেশে গ্যাস ও বিদ্যুতের ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।