ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আরও এক মার্কিন সেনা কর্মকর্তার মৃত্যুর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নিহত সামরিক সদস্যদের তালিকায় নতুন করে ওই সেনার নাম যুক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে নিহত মার্কিন সামরিক সদস্যের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন বিয়াঙ্কা সি. উইলকারসন। তার বয়স ছিল ৩৭ বছর। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে গত ১৮ সেপ্টেম্বর একটি ফ্লাইটের ভেতর ‘যুদ্ধ-বহির্ভূত স্বাস্থ্যগত জটিলতায়’ তার মৃত্যু হয়।
ভার্জিনিয়ার নরফোকের বাসিন্দা বিয়াঙ্কা উইলকারসন কাতারের দোহায় মার্কিন সামরিক অভিযানে সহায়তার দায়িত্বে ছিলেন। মৃত্যুর পর তাকে মরণোত্তরভাবে মেজর পদে পদোন্নতি দিয়েছে মার্কিন সেনাবাহিনী।
পেন্টাগনের নিহত সেনাদের তালিকায় তার নাম যুক্ত হওয়ার মধ্য দিয়ে ইরান সংঘাতের সময় মার্কিন সামরিক সদস্যদের মৃত্যুর সংখ্যা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তবে তার মৃত্যুকে সরাসরি যুদ্ধক্ষেত্রে সংঘটিত মৃত্যু হিসেবে বর্ণনা করা হয়নি; মার্কিন সেনাবাহিনী এটিকে ‘যুদ্ধ-বহির্ভূত স্বাস্থ্যগত জটিলতা’ হিসেবে উল্লেখ করেছে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।