সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় বর্ণাঢ্য এক বিশেষ সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গৌরব, সামাজিক সম্প্রীতি ও বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্কের উষ্ণতার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
গত ২২ সেপ্টেম্বর জেদ্দার ‘এগলন রেস্টুরেন্টে’ ড. সালেহ বাটারজির প্রতিষ্ঠিত ‘আহল জেদ্দা সোশ্যাল গ্যাদারিং’-এর উদ্যোগে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হাইভ ওয়ার্কস ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস নওশিন আহমেদ, ড. সালেহ বাটারজী ও মহিউদ্দিন হাকামি। বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হানিস সরকার উজ্জ্বল, সাজিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, আবেদা সুলতানা ও রফিকুল হক। এ ছাড়া জেদ্দার সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
সৌদি আরবের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পাকিস্তানি, বাংলাদেশি ও ফিলিপিনো গণমাধ্যমের প্রতিনিধিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়।
জাতীয় দিবসের এ আয়োজনকে ঘিরে জেদ্দার সামাজিক ও ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে অতিথিরা সৌদি আরবের ঐতিহ্য, উন্নয়ন, জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিকরা সৌদি আরবের সরকার ও জনগণকে ৯৬তম জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, সৌদি আরবের জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন দেশের প্রবাসী ও সামাজিক-ব্যবসায়ী অঙ্গনের প্রতিনিধিদের একত্রিত করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।