ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় দিবস ঘিরে জেদ্দায় প্রবাসীদের মিলনমেলা, অংশ নিলেন বাংলাদেশিরাও

সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে জেদ্দায় বর্ণাঢ্য এক বিশেষ সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গৌরব, সামাজিক সম্প্রীতি ও বাংলাদেশ-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্কের উষ্ণতার আবহে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীরা অংশ নেন।গত ২২ সেপ্টেম্বর জেদ্দার ‘এগলন রেস্টুরেন্টে’ ড. সালেহ বাটারজির প্রতিষ্ঠিত ‘আহল জেদ্দা সোশ্যাল গ্যাদারিং’-এর উদ্যোগে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে হাইভ ওয়ার্কস ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিনিধি মিসেস নওশিন আহমেদ, ড. সালেহ বাটারজী ও মহিউদ্দিন হাকামি। বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হানিস সরকার উজ্জ্বল, সাজিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, আবেদা সুলতানা ও রফিকুল হক। এ ছাড়া জেদ্দার সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।সৌদি আরবের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি পাকিস্তানি, বাংলাদেশি ও ফিলিপিনো গণমাধ্যমের প্রতিনিধিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বিভিন্ন দেশের গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও সামাজিক বন্ধন আরও জোরদারের উদ্যোগ নেওয়া হয়।জাতীয় দিবসের এ আয়োজনকে ঘিরে জেদ্দার সামাজিক ও ব্যবসায়ী মহলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে অতিথিরা সৌদি আরবের ঐতিহ্য, উন্নয়ন, জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন।অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিকরা সৌদি আরবের সরকার ও জনগণকে ৯৬তম জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, সৌদি আরবের জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন দেশের প্রবাসী ও সামাজিক-ব্যবসায়ী অঙ্গনের প্রতিনিধিদের একত্রিত করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ আরও শক্তিশালী করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

জাতীয় দিবস ঘিরে জেদ্দায় প্রবাসীদের মিলনমেলা, অংশ নিলেন বাংলাদেশিরাও