ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮) মারা যান।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, মোহাম্মদ ইফতেখার মাহমুদের বাবার নাম মাহবুব আলম। তার বাসা রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায়। গত ১৯ সেপ্টেম্বর কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইফতেখার। ওই দিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে কারারক্ষী মাসুম জানান, হাজতি মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশের বাবার নাম আলী হোসেন। তার বাসা দারুস সালাম থানার বাগবাড়ী এলাকায়। বুধবার রাতে কারাগারের ভেতর হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দুই বন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।