ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে উপপুলিশ কমিশনার (ডিসি) পর্যায়ে রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো. রেজাউল করিমকে উত্তরা বিভাগে এবং উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত ডিসি মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগে বদলি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম এখন থেকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিটি স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপির অফিস আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।