দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। চলতি সেপ্টেম্বর মাসে একদিনে হামের উপসর্গে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী শনাক্ত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম নিশ্চিত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে। তবে গত একদিনে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এদিকে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ১১ শিশুকে নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৫ জনে। আর নিশ্চিত হামে মোট মৃত্যু রয়েছে ১০১ জন।