মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। একই সঙ্গে ইরান প্রসঙ্গে তিনি বলেছেন, আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। জাতিসংঘে উপস্থিত প্রতিনিধিদের স্বাগত জানানোর মধ্য দিয়ে ভাষণ শুরু করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের পুনরুদ্ধার হওয়া শক্তির প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও শক্তিশালী।
ট্রাম্প বলেন, ‘আমেরিকা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের দেশ আজ আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী।’
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের সঙ্গে কি এমন কোনো চুক্তি হবে, যা তাদের ঘুরে দাঁড়াতে এবং আগের চেয়ে আরও ভালো একটি দেশ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে, নাকি আমি ইসলামিক রিপাবলিককে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেব?’
তিনি আরও বলেন, ‘আমি কি তাদের নরকে ঠেলে দেব, যেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগই থাকবে না? তবে আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব, কারণ তা না করাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।’
ট্রাম্প দাবি করেন, ইরান আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, ‘তারা যা বুঝতে পারছে না তা হলো, আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি ইতোমধ্যেই বিপুল ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে যুক্তরাষ্ট্রের শক্তি তুলে ধরার পাশাপাশি ইরানের সঙ্গে ভবিষ্যৎ চুক্তির সম্ভাবনার কথাও জানান তিনি।
ট্রাম্পের এসব বক্তব্যের মধ্য দিয়ে ইরান ইস্যুতে তার প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনার কথাও উঠে এসেছে।