পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। এদিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছিল। তবে দিবসটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ছুটির তারিখ এক দিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
এ বিষয়ে গত রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। এর ফলে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর কার্যকর হবে।
এ উপলক্ষে দেশের প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। কোনো বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করলে সাধারণত নিজস্ব নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো হয়।
ফাতেহা-ই-ইয়াজদাহম কী
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারোতম। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে ১১তম দিনের ফাতেহাকে বোঝানো হয়। হিজরি রবিউস সানি মাসের ১১ তারিখে বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত স্মরণে দিবসটি পালিত হয়।