চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি সেফটি ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাউজান উপজেলার কচুখালী এলাকার প্রদীপ এবং বোয়ালখালী উপজেলার কদুরখীল এলাকার সমিল।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় আট মাস আগে নির্মাণ করা সেফটি ট্যাংকটি দীর্ঘদিন ব্যবহার না করে বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার নির্মাণাধীন একটি রান্নাঘরের কাজ শেষ করার পর ট্যাংকের ভেতরে কাজ করতে প্রথমে একজন শ্রমিক নামেন। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য আরেক শ্রমিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। তবে তিনিও অচেতন হয়ে যান।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাউজান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ট্যাংকের ভেতরে বিদ্যুতের সংযোগও ছিল। তবে ঠিক কী কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মন্তব্যসমূহ