শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো বিবেচনা করে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষাব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে অভিভাবকের মতো। তাই একজন শিক্ষককে প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো দেখতে হবে। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, তাদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষায়ও গড়ে তুলতে হবে।
সমাজে মাদকের বিস্তার ঠেকাতে শিক্ষার ভূমিকার কথা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, মাদক সমস্যা মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন। শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি শিক্ষার মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ কাজে শুধু শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক এবং সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও নিজ নিজ উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন বলে জানান মন্ত্রী।
‘কুমিল্লা কনসেপ্ট’ প্রসঙ্গে এহছানুল হক মিলন আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে। স্থানীয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন অংশকে সম্পৃক্ত করে শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে এ ধারণা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।