জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হয়। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি গ্রুপের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় উপাচার্য কেন্দ্রের পরীক্ষার পরিবেশ, আসন বিন্যাস ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘আমরা চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে ভর্তির সুযোগ পাক। পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পারে, আমরা সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছি।’
শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পরীক্ষা পর্যবেক্ষণের সময় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার এবং ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমীন ও উপাধ্যক্ষ ড. বিলকিস বেগম পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।