ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ও লোহিত সাগর উপকূলীয় শহর ইয়ানবুর জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া দাবি করেছেন, রিয়াদের ‘সংবেদনশীল স্থাপনা’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় বিপুলসংখ্যক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবুতেও বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।
একই সময়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। এর জেরে কয়েকটি ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে। হুথিদের সঙ্গে সংঘাত বাড়ার পর শনিবারই প্রথম রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত জারি করা হয়।
হুথিরা বলেছে, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার চেষ্টার জবাব হিসেবে এ অভিযান চালানো হয়েছে। তারা গত এক সপ্তাহে ইয়েমেনজুড়ে প্রায় ৩০০টি সৌদি হামলার অভিযোগও করেছে। তবে এসব দাবির স্বাধীন যাচাই পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সম্ভাব্য ফ্লাইট বাতিল ও ভ্রমণ বিঘ্নের কথা উল্লেখ করে অঞ্চলটিতে এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: বিবিসির