পটুয়াখালীর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের কাইউম প্যাদা (৫০), চারআনি বাউরিয়া গ্রামের শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের তিথী (২৩)। তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের একটি বাস। ধলু গাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযানে আরও একজনের মরদেহ পাওয়া যায়। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে ধারণা করছে স্থানীয়রা।
পটুয়াখালী ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসের ভেতরে বা পানিতে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধার অভিযান চালানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।