‘ভুয়া খবরের’ অভিযোগে সিএনএন-মিএসএনবিসি-পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের ক্ষেত্রে সিএনএন, এমএসএনবিসি ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
ট্রাম্প বলেন, অবিলম্বে কার্যকরভাবে সিএনএন, এমএসএনবিসি ও পলিটিকোকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হচ্ছে। ভবিষ্যতে আরও সংবাদমাধ্যম একই ধরনের সংবাদ প্রচার করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি।
পলিটিকোর বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় প্রতিষ্ঠানটিকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। তিনি এটিকে ‘দুর্নীতি’ বলে মন্তব্য করেন।
ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা থাকা প্রয়োজন, তবে একই সঙ্গে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাও জরুরি।
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমগুলো তাদের সংবাদ পরিবেশনের মান উন্নত করলে আবার হোয়াইট হাউসে ফিরতে পারবে।
এদিকে ট্রাম্পের ঘোষণার পর সিএনএন তাদের সাংবাদিকদের পক্ষে অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তাদের হোয়াইট হাউস কভারেজ টিম নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কাজ করে এবং সরকারের হস্তক্ষেপ ছাড়া সংবাদ সংগ্রহের অধিকার সংবিধান দ্বারা সুরক্ষিত।
এমএসএনবিসি ও পলিটিকো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: আনাদোলু