আওয়ামী লীগ নেতার বাড়িতে আয়োজিত দাওয়াতে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
একই সঙ্গে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলকে কেন্দ্র করে ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, মিছিল ঠেকাতে কিংবা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তিনি কার্যকর ভূমিকা রাখেননি।
এ ছাড়া উপজেলার বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রামের ব্যবসায়ী শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত দাওয়াতে ওসির অংশ নেওয়ার অভিযোগ ওঠে। অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, এ অভিযোগকে কেন্দ্র করেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, শনিবার সন্ধ্যায় ওসিকে প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারের কারণ সম্পর্কে তিনি অবগত নন।
বটতলা বাজারে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় শনিবার সেনবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।