রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, কী বলছে সৌদি আরব?
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ও লোহিত সাগর উপকূলীয় শহর ইয়ানবুতে হামলার দাবি করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া বলেন, রিয়াদের ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, শনিবার ভোরে রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। জোটের দাবি, বিশা, তাইফ, ফারাসান ও ইয়ানবুতেও বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে।হামলার সময় রিয়াদে আকাশপথে সম্ভাব্য হুমকির সতর্কবার্তা পাঠানো হয়। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি সংরক্ষণ এলাকায় আগুন ও ঘন কালো ধোঁয়া দেখা যায়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ বিমানবন্দরে বড় ধরনের বিঘ্ন, বিলম্ব ও কয়েকটি ফ্লাইট বাতিলের তথ্য দেয়। তবে সৌদি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নিশ্চিত করেনি।হুথিদের দাবি, সানায় সৌদি হামলার চেষ্টার জবাবেই তারা এ অভিযান চালিয়েছে। জুলাই থেকে হুথি ও সৌদি আরবের মধ্যে সংঘাত বৃদ্ধির পর রিয়াদে এটিই প্রথম বিমান হামলার সতর্কসংকেত।এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের বাড়তি সতর্ক থাকতে বলেছে। সম্ভাব্য ফ্লাইট বাতিল ও ভ্রমণ বিঘ্নের কথা উল্লেখ করে অঞ্চলটিতে এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে তারা।সূত্র: আল জাজিরার