ভারতের মধ্যপ্রদেশে বন্যার তীব্র স্রোতে একটি গাড়ি ভেসে গিয়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছেন। অপরজন গাড়িটির চালক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজ্যের আগর মালওয়া জেলার নালখেড়া থানা এলাকার বগুলামুখী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতরা ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের জয়দেব বিহার এলাকার বাসিন্দা। তারা তীর্থযাত্রার উদ্দেশ্যে মধ্যপ্রদেশে এসেছিলেন।
উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির দর্শন শেষে তারা গাড়িতে করে আরেকটি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বগুলামুখী মন্দিরের কাছাকাছি পৌঁছালে বন্যার পানির প্রবল স্রোতের মুখে পড়ে তাদের গাড়ি। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পানির স্রোতে ভেসে যায়।
নিহত আটজনের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে থাকা গাড়িচালকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি স্থানীয় একটি ট্রাভেল এজেন্সির কর্মী ছিলেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার আগের ২৪ ঘণ্টায় ওই এলাকায় প্রায় চার ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টির কারণে আশপাশের এলাকায় পানির স্তর দ্রুত বেড়ে যায় এবং প্রবল স্রোত তৈরি হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর নালখেড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে পানির মধ্য থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চালাচ্ছে স্থানীয় পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া