ইয়েমেনে হুথি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষের পর দুটি গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। তাইজ ও লাহজ প্রদেশের মধ্যবর্তী এলাকায় এই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সরকারি পক্ষ।
সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি ফায়াদ আল-নুমান তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।
আল-নুমানের ভাষ্য অনুযায়ী, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র লড়াই হয়। সংঘর্ষের পর আল-বাজলা পর্বত এবং মাদখুলা এলাকার নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী।
তিনি দাবি করেন, লড়াইয়ের সময় হুথিদের সদস্য ও সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি হুথিদের সহায়তায় এগিয়ে আসা অতিরিক্ত বাহিনীর ওপরও হামলা চালানো হয়েছে।
তাইজের পশ্চিমাঞ্চলেও হুথিদের বিভিন্ন অবস্থানে হামলার কথা জানিয়েছে সরকারি পক্ষ। আল-নুমান বলেন, আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথিদের অবস্থান ও সামরিক যানবাহন লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
আল-আঘবারা এলাকাটি সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তাইজ ও লাহজ প্রদেশের মধ্যবর্তী স্থানে হওয়ায় এখান থেকে দুই অঞ্চলের বিভিন্ন ফ্রন্টের মধ্যে যোগাযোগ ও রসদ সরবরাহ সহজ হয়। ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
সরকারি বাহিনীর সর্বশেষ দাবির বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে সরকারি বাহিনীর দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের সূত্রপাত ২০১৪ সালে। ওই বছর হুথিরা রাজধানী সানাসহ দেশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। পরের বছর তৎকালীন প্রেসিডেন্ট আবদরাব্বুহ মনসুর হাদির সরকারকে সমর্থন দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেন সংঘাতে সরাসরি যুক্ত হয়।
পরবর্তী বছরগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ একাধিক পক্ষের হাতে চলে যায়। হুথিরা রাজধানী সানাসহ উত্তর ও পশ্চিম ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন বাহিনী এবং তাদের মিত্ররা দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।
সাম্প্রতিক সময়ে তাইজ ও আশপাশের ফ্রন্টগুলোতে আবারও সংঘর্ষ বেড়েছে। সরকারি বাহিনী হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন অবস্থানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে জানিয়েছে ইয়েমেনি কর্তৃপক্ষ।
সূত্র: আনাদোলু এজেন্সি