প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সরকার যেসব পরিবর্তন আনতে যাচ্ছে, তার পূর্ণ সুফল পেতে প্রায় পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আগামী বছরের মধ্যে রান্না করা খাবারভিত্তিক ‘কুকড মিল’ প্রকল্পের একটি ধাপ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি পার্বত্য অঞ্চলের বিদ্যালয়গুলোতেও দ্রুত মিড ডে মিল কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন শিক্ষক নিয়োগ প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রস্তাব অক্টোবরের মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আগামী বছরের মধ্যে মন্ত্রণালয় পর্যায়ের কাজ সম্পন্ন করার আশা করছেন তিনি।
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোয় আনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়ি ও মাদরাসাসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রাথমিক শিক্ষার একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার।
বিদ্যালয়ের পাঠদানের সময়সূচিতে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে। বর্তমানে যেসব প্রতিষ্ঠানে একাধিক শিফটে পাঠদান চলে, সেগুলো পর্যায়ক্রমে এক শিফটে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
ববি হাজ্জাজ আরও জানান, ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলামের আওতায় সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে যুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের।
প্রাথমিক শিক্ষার কাঠামো, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীদের পুষ্টি এবং পাঠদান পদ্ধতিতে এসব পরিবর্তন বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।