বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, মানবাধিকার, সুশাসন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফ্রান্স দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাচি এমিলি পালাউয়ানও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের টেকসই উন্নয়ন, মানবাধিকার পরিস্থিতি এবং বাংলাদেশ-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।
আলোচনায় সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।