অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি ও সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ৩(খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন মো. আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।